ভারী বৃষ্টিপাত
পাহাড়ের মাটি পড়ে দেয়াল ধসে যুবকের মৃত্যু
দেয়াল ধসে বাড়ির ওপর পড়ে। ছবি-সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ২০:৪৯
চট্টগ্রাম নগরের পূর্ব নাছিরাবাদ রহমান নগর আবাসিক এলাকার বি-ব্লকের দেয়াল ধসে শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় শফিকুর রহমানের চার বছর বয়সী ছেলে সোহান ইসলাম, দুই বছর বয়সী মেয়ে সাইফা আক্তার ও শাশুড়ি মর্জিনা বেগম (৫৬) আহত হয়েছেন।
নিহত শফিকুলের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকায়। পেশায় তিনি মাছের ব্যবসায়ী। রহমান নগর আবাসিক এলাকায় একটি সেমিপাকা ঘরে পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। আজ বিকেলে ভারী বৃষ্টিপাত হলে রহমাননগর আবাসিক এলাকার একটি সীমানা দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান শফিকুল। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেশীরা জানান, ঘটনার সময় ঘরে খাবার খাচ্ছিলেন শফিকুল। এ সময় পাহাড়ের মাটি দেয়ালে আছড়ে পড়লে, সেই দেয়াল ধসে। দেয়ালে চাপা পড়েন শফিকুল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় পরিবারটি পাহাড়ঘেঁষা একটি সেমিপাকা ঘরে ছিল। ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে দেয়ালের ওপর পড়ে। এতে দেয়ালটিও ধসে যায়। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সফিকুল ইসলামের মৃত্যু হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, দেয়াল ধসে পড়ে শফিকুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- পাহাড় ধস
- মাটি
- দেয়াল চাপায় মৃত্যু
- চট্টগ্রাম