এবার ফল প্রকাশের পর ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আবদুল্লাহ
ছবি: এনসিপির সৌজন্যে
সমকাল ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ২৩:১৩ | আপডেট: ১০ জুলাই ২০২৬ | ২৩:৩২
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেছেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল রাতের ভোট। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। কিন্তু এবার আমরা নতুন ধরনের মেকানিজম দেখলাম। এবার ভোট চুরি হয়েছে ফল প্রকাশের পরে।’
শুক্রবার নোয়াখালী সদরের মাইজদীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।
বিএনপির উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয়। যদি মনে করেন একা দেশ চালাবেন, তাহলে সেটা ভুল হবে। আপনারা যদি মনে করেন, জনগণের বিপক্ষে গিয়ে সংস্কার করতে পারবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ছয় মাসেও একটি নতুন কর্মসংস্থানও নিশ্চিত করা যায়নি।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, নিজাম উদ্দিন, তৌহিদুল ইসলাম, মাহবুবুর রহমান ও হুমায়রা নূর প্রমুখ।
আগামীতে লড়াই হবে জালিমের বিরুদ্ধে: সারজিস
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামীতে আমাদের যে লড়াই, সে লড়াই মার্কার লড়াই হবে না, এ লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের লড়াই। এই লড়াই হবে জালিম আর মজলুমের মধ্যে লড়াই।’
বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জুলাই পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। আরও বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
এদিকে, রাতে রাজশাহী নগরীতে পদযাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা। আলুপট্টি মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, এমপি আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী। এ ছাড়া গতকাল গাজীপুর মহানগরে শিল্প ও জীবিকা রক্ষার দাবিতে শ্রমিক সমাবেশ করেছে এনসিপির অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তি।
- বিষয় :
- এনসিপি
- নোয়াখালী
- হাসনাত আব্দুল্লাহ