ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক
×

ফাইল ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৫:২৩ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১৬:০৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাসলাইন মেরামতের সময় পাইপলাইনে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে কালীগঞ্জ বরইতলা এলাকার মনির হাজীর আটতলা ভবনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন রাকিব হোসেন, সুমন মিয়া ও রাজন হোসেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। রাকিব হোসেনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত থেকে ভবনটির গ্যাসলাইন মেরামতের কাজ চলছিল। শনিবার ভোরে কাজ করার সময় হঠাৎ পাইপলাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তিন শ্রমিক দগ্ধ হন।

দগ্ধ শ্রমিক সুমন মিয়া জানান, রাত থেকেই তারা গ্যাসলাইনের কাজ করছিলেন। ভোরের দিকে হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। কিছু বুঝে ওঠার আগেই আগুন শরীরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাদের হাসপাতালে পাঠান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাতে জানান, গ্যাসলাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে দগ্ধ তিন শ্রমিক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপলাইনে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিতাস গ্যাসের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ কারা করছিল এবং গ্যাসলাইনে কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×