বরিশালে তথ্যমন্ত্রী
ক্ষমতার চর্চা এমনভাবে করবেন যেন জনগণ অসন্তুষ্ট না হয়
জহির উদ্দিন স্বপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৮:০৩
| প্রিন্ট সংস্করণ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার এবং তারেক রহমানের সরকার- বাংলাদেশে এই তিন সরকারের যে আলাদা বৈশিষ্ট্য ও আদর্শ রয়েছে, আমাদের ক্ষমতার আমলে তা প্রমাণ করতে হবে। ইতিহাস দেখলে বোঝা যায়, বাকি সরকাররা ক্ষমতার লোভ সামলাতে না পেরে শেষ পর্যন্ত পালিয়ে যায়, হারিয়ে যায়। কিন্তু বিএনপির সরকার কখনও হারিয়ে যায় না, বারবার ফিরে আসে। অতএব, আপনারা ক্ষমতার চর্চা এমনভাবে করবেন যেন জনগণের মধ্যে আমাদের প্রতি, দলের প্রতি কিংবা প্রধানমন্ত্রীর প্রতি কোনো ধরনের অসন্তোষ তৈরি না হয়।
গতকাল শনিবার বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্থানীয় কয়েক নেতাকর্মীরা নাম উল্লেখ করে জহির উদ্দিন বলেন, আমি এই নেতাদের দায়িত্ব দিলাম, ক্ষমতাসীন দল বা আমার নামে কোনো অপরাধ তারা যেন এখানে হতে না দেন। তাদের মধ্যে যদি কেউ অপরাধ করেন, তাহলে প্রমাণসহ আপনারা আমার কাছে হাজির করবেন।
নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।
- বিষয় :
- জহির উদ্দিন স্বপন