ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

৫ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ

৫ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রেল যোগাযোগ
×

রেললাইন পানিতে ডুবে থাকায় আটকা পড়ে ঢাকা ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন। ছবিটি বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের মুরাপুর এলাকা থেকে তোলা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১২:১৩

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার আবারও চালু হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল। বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা থেকে নির্ধারিত সব ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

টানা বৃষ্টিতে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

রেলওয়ে পূর্বাঞ্চলের উপপরিচালক (জনসংযোগ) মো. হারুনুর রশিদ বলেন, রেললাইনের ওপরের পানির স্তর নেমে যাওয়ায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ট্রেন হিসেবে সকাল ১১টা ৪০ মিনিটে পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটির যাত্রা রেলওয়ে পূর্বাঞ্চলের শীর্ষ কর্মকর্তারা চট্টগ্রাম স্টেশনে উপস্থিত থেকে তদারকি করবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টা পর্যন্ত রেললাইনের নিচু অংশে প্রায় চার ইঞ্চি পানি ছিল। পরে লাইন লিফটিংয়ের মাধ্যমে দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে রেললাইন পানির স্তর থেকে অন্তত ১০ ইঞ্চি উঁচু করা হয়। প্রয়োজনীয় প্রকৌশলগত কাজ শেষ হওয়ার পর আজ ভোর থেকেই ট্রেন চলাচল শুরুর পরিকল্পনা ছিল।

তবে শনিবার গভীর রাত ও রোববার সকালে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের কারণে সকালের কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস চলাচল করতে পারেনি। এরপরও বেলা ১১টা ৪০ মিনিটের পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছেড়ে যাবে বলে আশাবাদী রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের প্রকৌশল ও পরিবহন বিভাগ জানিয়েছে, আজ সকাল সোয়া ৬টায় ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটি সকাল ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছায়নি। ট্রেনটি চট্টগ্রামে পৌঁছানোর পর সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে।

এ ছাড়া রাত ১১টায় ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস নির্ধারিত সময়েই চলাচল করবে। একইভাবে কক্সবাজার থেকে প্রবাল এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে প্রবাল এক্সপ্রেসও আজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাত্রী পরিবহন করবে।
 

আরও পড়ুন

×