ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে সরকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য
×

ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৬:৪৬ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১৭:০৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে সরকার। তিনি বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সব প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে। প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় পানিবন্দি চট্টগ্রাম নগরের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। রোববার নগরের চান্দগাঁও সিএন্ডবি, মোহরা ও দক্ষিণ কাট্টলি এলাকার দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান সঙ্গে ছিলেন।

এ সময় তিনি বলেন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না।

তিনি আরও বলেন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সবাই সর্বাত্মকভাবে কাজ করবে। জনগণের যেকোনো দুর্যোগে জনপ্রতিনিধিরা সবসময় মানুষের পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং জলাবদ্ধতা ও বন্যার কারণে সৃষ্ট দুর্ভোগের বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, বিশুদ্ধ পানির সংকট, খাদ্যসহ জরুরি সেবার বিষয়গুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

আরও পড়ুন

×