ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

চট্টগ্রাম

পূর্বশত্রুতার জেরে রিফাতকে হত্যা করা হয়, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪: র‌্যাব

পূর্বশত্রুতার জেরে রিফাতকে হত্যা করা হয়, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪: র‌্যাব
×

রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ জন। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৫:৩৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৬:০৯

চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ইলেকট্রিক মিস্ত্রি মো. রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রোববার সীতাকুণ্ড ও নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।‌ র‌্যাব জানায়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রিফাতকে হত্যা করা হয়। 

গ্রেপ্তাররা হলেন—মামলার প্রধান আসামি মো. শামীম (৩৫), মো. সাজ্জাদ আলম শুভ (৩২), মারুফ (২৭) ও সুমন (৩০)।

র‌্যাব জানায়, নিহত রিফাত (২৮) পাহাড়তলী থানার আব্দুলপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও পূর্বশত্রুতার জেরে গত ২৩ জুন সকালে পরিকল্পিতভাবে তাকে বাসা থেকে ডেকে নেওয়া হয়। সাজ্জাদ আলম শুভ কৌশলে রিফাতকে দক্ষিণ কাট্টলীর আব্দুল সুফী চৌধুরী গ্যারেজসংলগ্ন তিন রাস্তার মোড়ে নিয়ে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা শামীম, মারুফ ও তাদের সহযোগীরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে শামীম ধারালো অস্ত্র দিয়ে রিফাতের বাম হাঁটুর ওপর আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের ভাই পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি শামীম ও সাজ্জাদ আলম শুভকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের বালুছড়া এলাকা থেকে মারুফ এবং হালিশহরের মাইজপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×