ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগ, চুয়েটের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগ, চুয়েটের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
×

ফাইল ছবি

চুয়েট সংবাদদাতা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৮:৪৮

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলে গাঁজা সেবনের অভিযোগে আট শিক্ষার্থীকে দুই বছরের জন্য সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে তাদের আবাসিক হল থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ৩০৬তম জরুরি সভার সিদ্ধান্তের ভিত্তিতে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আটটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুলাই রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে শহীদ আবু সাঈদ হলের ৫২৯ নম্বর কক্ষে সহকারী প্রভোস্টরা অভিযান পরিচালনা করেন। এ সময় কক্ষে আট শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে কক্ষ তল্লাশি করে গাঁজা এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২০২১–২২ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের দুইজন, ২০২২–২৩ শিক্ষাবর্ষের পানিসম্পদ কৌশল বিভাগের চারজন, একই শিক্ষাবর্ষের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন রয়েছেন। তাদের মধ্যে চারজন শহীদ আবু সাঈদ হলের, দুজন মুক্তিযোদ্ধা হলের, একজন ড. কুদরাত-ই-খুদা হলের এবং একজন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী।

একইসঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। আগামী ২৬ জুলাই সকাল ১১টার মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। এছাড়া, ইচ্ছুক শিক্ষার্থীরা ২৭ জুলাই সকাল ১১টায় স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত দিনে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বক্তব্য বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, মাদক ও মাদক-সংশ্লিষ্ট যেকোনো কর্মকাণ্ডের বিষয়ে চুয়েট প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে।

আরও পড়ুন

×