ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
×

ছবি- সমকাল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৭:৪৭

বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, তাঁত শিল্পের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। বুধবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সূতি শাড়ি, জামদানি ও রেশমি শাড়িসহ বাংলাদেশের তাঁতশিল্প হাজার বছরের ঐতিহ্যের ধারক। এ ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমাতে দেশেই উন্নতমানের নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে দেশের পাটভিত্তিক শিল্পে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানিকে সরকারিভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, আড়াইহাজার তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন অবহেলার শিকার হয়। তাঁত শিল্পকে টিকিয়ে রাখা এবং আরও সমৃদ্ধ করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

বস্ত্র ও পাট মন্ত্রণালেয়ের সচিব শরফউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, ইউএনও মো. আসাদুর রহমান, এসিল্যান্ড মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম প্রমুখ।

আরও পড়ুন

×