ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
×

বৃহস্পতিবার আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-সমকাল

রংপুর অফিস ও পীরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৮:০২

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের নামে শুধু মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

তিনি বলেন, গণভোটে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা কার্যকর না করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাই জুলাই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে গণভোটের রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তাঁর কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজকের এই দিনে আমরা মনে করি শুধু স্মরণ বা শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয় না। আবু সাঈদরা যে স্বপ্ন নিয়ে শহীদ হয়েছেন, সেই বৈষম্যহীন, ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাওয়াই আমাদের দায়িত্ব।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের তিনটি দাবি ছিল-বিচার, সংস্কার ও নির্বাচন। নির্বাচন হয়েছে, কিন্তু বিচার ও সংস্কার এখনো জনগণ পায়নি। আবু সাঈদ হত্যা মামলার রায় হলেও তা এখনো কার্যকর হয়নি। রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে, কিন্তু তার অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য নেই। আমরা চাই দ্রুত আপিল শুনানি শেষ করে রায় কার্যকর করা হোক।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া দণ্ড কার্যকর করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ শুধু রায় নয়, রায়ের বাস্তবায়নও দেখতে চায়। আবু সাঈদ হত্যা মামলায় শেখ হাসিনাও আসামি। সরকার দ্রুত তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করুক। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট অন্যান্য মামলার বিচারও দ্রুত শেষ করতে হবে।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সরকার শুধু মুখে মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। এটি কেবল মৌখিক প্রতারণা। সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতিও তারা রাখেনি। শুধু শহীদ দিবস পালন করলেই হবে না, গণভোটের রায়ের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দুর্নীতি ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের 'সরকারি দল ও বিরোধী দল মিলে জুলাই সনদ বাস্তবায়ন করবে'-রংপুরে দেওয়া এমন বক্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, 'সরকার যদি আন্তরিকভাবে সংস্কার করতে চায়, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। বিচার, সংস্কার, ফ্যাসিবাদের বিলুপ্তি ও স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশ্নে আমরা রাষ্ট্রের পক্ষেই আছি। কিন্তু সরকারের কর্মকাণ্ডে সেই আন্তরিকতার কোনো আলামত দেখা যাচ্ছে না। গণভোটের রায়ের আলোকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।'

এ সময় এনসিপির সদস্যসচিব ও রংপুর আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মোজাহিদ এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ভোর থেকেই আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনে পীরগঞ্জের বাবনপুর গ্রামে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের ঢল নামে। পরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।

আরও পড়ুন

×