ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ত্রাণ দিতে গিয়েছিলেন অর্থমন্ত্রী, নেতাকর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ

ঠেলাঠেলি-হুড়োহুড়িতে আহত ১০

ত্রাণ দিতে গিয়েছিলেন অর্থমন্ত্রী, নেতাকর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৮:১৭

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীদের অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চ ভেঙে পড়েছে। এ সময় মঞ্চে থাকা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য অতিথিরা নিচে পড়ে যান। পরে মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কয়েকজন ক্ষতিগ্রস্তের হাতে ত্রাণ তুলে দিয়ে সাতকানিয়া উপজেলায় চলে যান।

এসময় ঠেলাঠেলি ও হুড়োহুড়িতে ত্রাণ নিতে আসা নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অর্থমন্ত্রী গাড়ি থেকে নেমে হেঁটে মঞ্চে ওঠার পর নেতাকর্মীদের মধ্যে মঞ্চে ওঠার প্রতিযোগিতা শুরু হয়। অতিরিক্ত লোকজন একসঙ্গে মঞ্চে উঠলে কয়েক মিনিটের মধ্যেই সেটি ধসে পড়ে। সে সময় মঞ্চে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহমদ নবী বলেন, মন্ত্রী মঞ্চে ওঠার দুই থেকে তিন মিনিটের মধ্যেই অতিরিক্ত নেতাকর্মীর চাপে হঠাৎ মঞ্চটি ভেঙে যায়।

মন্ত্রী স্থান ত্যাগ করার পর ত্রাণ বিতরণকে কেন্দ্র করে কয়েক হাজার নারী-পুরুষের মধ্যে হুড়োহুড়ি ও ঠেলাঠেলির সৃষ্টি হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে দোহাজারী বার্মা কলোনি এলাকার রাশেদা আক্তার (৬০), গুচ্ছগ্রাম এলাকার ঊর্মি আক্তার (৩৫) এবং দোহাজারী উল্লাপাড়া এলাকার আয়েশা আক্তার (৬০) দোহাজারী হাসপাতালে চিকিৎসা নেন। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ায় তাদের পরিচয় জানা যায়নি।

অর্থমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। মঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত লোকজন ওঠায় মঞ্চ ভেঙে গেছে বলে মনে করছেন তিনি। তিনি বলেন, আমি নিজেও ঘোষণা দিয়েছি মঞ্চে বেশি মানুষ না ওঠার জন্য। মানুষের ভারে মঞ্চ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান সাংবাদিকদের বলেন, ত্রাণ বিতরণের জন্য মন্ত্রী মঞ্চে ওঠার পর মঞ্চ ধসে উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে কেউ হতাহত হননি। তবে মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

আরও পড়ুন

×