ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিতে হবে: আখতার হোসেন

তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিতে হবে: আখতার হোসেন
×

ছবি: সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৪:৫১

সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন বলেছেন, গণভোটের রায় আধাআধি না, পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের পুরাতন ফর্মুলা বাদ দিয়ে নতুন ফর্মুলা দিতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটের আজাদ মোড় এলাকায় জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। যে সময় তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। শেখ হাসিনা এসে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। তত্ত্বাবধায়ক সরকার বাদ করে দিয়ে বাংলাদেশে ১৭ বছরের ফ্যাসিবাদ চাপিয়ে দিলেন। বর্তমানে যে ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার রয়েছে সেটি আমাদের জন্য অসুবিধা। কারণ তত্ত্বাবধায়ক সরকার হবেন সাবেক বিচারপতিরা। ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের একটি নতুন ফর্মুলা তৈরি করতে হবে। সেটি জুলাই সনদের মধ্যে বলা আছে। এই বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা মানে, নতুন ফর্মুলা মানতে চায় না।

পদযাত্রায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আওয়ামী লীগের সময়ে রংপুর বিভাগের সঙ্গে উন্নয়ন বৈষম্য ছিল। যদি তারেক রহমানের সরকার আগামী ৫ বছরে বৈষম্য দূর করতে না পারেন, ২০৩১ সালের নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিও বিএনপি পাবে না।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের সুযোগ এসেছে, যারা সংস্কার থেকে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে তাদের ভাগ্য ঘুরিয়ে দেওয়ার।

আরও পড়ুন

×