কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে খোলা হয়েছে বাঁধের ১৬টি জলকপাট
ছবি: সমকাল
রাঙামাটি অফিস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৬:০০ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১৬:৩৭
টানা ভারী বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এই গেট খুলে দেওয়া হয়।
এর ফলে ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে, যা শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে মিশবে। সংশ্লিষ্টরা জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৯ এমএসএল (মিন সি লেভেল) হলে তা বিপৎসীমা হিসেবে বিবেচিত হয়।
স্পিলওয়ে গেট খোলার সময় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম এবং কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, শনিবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৪ দশমিক ০৮ এমএসএল। বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে এবং সেখান থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি এবং নিচু এলাকায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৬টি স্পিলওয়ে গেট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। পানির প্রবাহ আরও বাড়লে প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে গেট আরও খুলে দেওয়া হবে।
তিনি আরও বলেন, হ্রদের পানির উচ্চতার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে পানি ছাড়ার পরিমাণ নির্ধারণ করা হবে। তবে বর্তমানে যে পরিমাণ পানি ছাড়া হচ্ছে, তাতে কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই।
- বিষয় :
- কাপ্তাই হ্রদ
- জলকপাট
- ভারী বৃষ্টি