ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

স্থগিত এইচএসসি পরীক্ষা দ্রুত শুরু করতে স্মারকলিপি

স্থগিত এইচএসসি পরীক্ষা দ্রুত শুরু করতে স্মারকলিপি
×

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৭:৩৯ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৭:৪১

স্থগিত করা এইচএসসি পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে শুরুর দাবি জানিয়েছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের কাছে এই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বেশকিছু পরীক্ষার্থীরা অন্যদের প্রতিনিধি হিসেবে এই স্মারকলিপি দেন। 

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অবশিষ্ট পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা রুটিন অনুযায়ী চলেছ। এ অবস্থায় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা অন্য বোর্ডের তুলনায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই অনতিবিলম্বে বর্তমান রুটিন অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলোর জন্য অন্তত দুই-তিনদিন বিরতি দিয়ে দ্রুততম সময়ে রুটিন দেওয়ার অনুরাধ জানানো হয়। 

এ সময় চট্টগ্রাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী এসএম নাজিফ নূর, মোহাম্মদ জাঈদুল কবির, মারুফ হোসেন তাসিন, মাহতাবুর রহমান, শাদমান করিম, মো. হাসিবুল মজিত অয়ন, সরকারি সিটি কলেজের মো. জায়েদ চৌধুরী, মো. রইস জামাল ওয়াফি, তৌসিফ মাহমুদ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শাহরিয়ার হাশিম উপস্থিত ছিলেন। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন এ বিষয়ে বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো এমনভাবে আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়।’ 

স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত সময়ের মধ্যে সংশোধিত পরীক্ষার রুটিন প্রকাশে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, শিক্ষাবোর্ড সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেয়। এবারও সে ধারাবাহিকতা বজায় থাকবে। এ সময় তিনি শিক্ষার্থীদের ধৈর্য নিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

×