জেলা পরিষদে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা প্রশাসক শামীমের
ছবি-সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৭:৩০
চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম দায়িত্ব গ্রহণের পরই দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, জেলা পরিষদের কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আপস করা হবে না।
সোমবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
প্রশাসক শামীম বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণমুখী জেলা পরিষদ গড়ে তুলতে চান তিনি। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে বেরিয়ে এসে সততা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করাই হবে তাঁর অগ্রাধিকার।
তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার কোনো বিকল্প নেই। তিনি নতুন হলেও কর্মকর্তারা অভিজ্ঞ—তাদের সহযোগিতা নিয়েই জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে চান। কোনো সমস্যা বা প্রয়োজন হলে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।
মাহবুবের রহমান শামীম বলেন, জেলা পরিষদের প্রধান লক্ষ্য হবে জনগণের কল্যাণ নিশ্চিত করা। চট্টগ্রামের প্রতিটি এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি।
জেলা পরিষদের সীমিত বাজেটের প্রসঙ্গ তুলে প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করতে বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মো. মাহবুবের রহমান শামীম।
পরিচিতি সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতেখার উদ্দীন আরফাত, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. এস এম খালেদ উদ্দীন জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. আনিছ উদ্দীন ভূঞাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- চট্টগ্রাম
- জেলা পরিষদ
- দুর্নীতি