ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

গাজীপুরে আইশিন ফুডস কোম্পানিকে জরিমানা

গাজীপুরে আইশিন ফুডস কোম্পানিকে জরিমানা
×

গাজীপুরে আইশিন ফুডস কোম্পানিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। ছবি: সমকাল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৩:০৮ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ১৪:০২

গাজীপুরের কালীগঞ্জে বিএসটিআইয়ের শর্ত লঙ্ঘন এবং নিরাপদ খাদ্য আইন অমান্য করে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় অবস্থিত আইশিন ফুডস কোম্পানিতে উপজেলা প্রশাসন ও গাজীপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি উৎপাদিত ব্রেডের মেয়াদ ২০ দিন থেকে এক মাস উল্লেখ করলেও এর পক্ষে কোনো ল্যাব পরীক্ষার প্রতিবেদন দেখাতে পারেনি। এছাড়া বিএসটিআই লাইসেন্সে উল্লেখিত উপকরণের সঙ্গে উৎপাদিত ব্রেডের উপাদানের মিল পাওয়া যায়নি।

ভ্রাম্যমাণ আদালত আরও জানতে পারে, ব্রেডে ব্যবহৃত জ্যাম ফিলিংসের কোনো বিএসটিআই অনুমোদন নেই এবং এর উপাদান সম্পর্কেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। কারখানায় ব্যবহৃত কাঁচামাল ও নির্দেশনার অধিকাংশই চীনা ভাষায় লেখা ছিল, যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর পরিপন্থী। এছাড়া প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্সও পাওয়া যায়নি।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক) ও ৩৮ ধারা অনুযায়ী আইশিন ফুডস কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মো. রিফাতকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, বিএসটিআইয়ের শর্ত লঙ্ঘন ও নিরাপদ খাদ্য আইন অমান্য করে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

আরও পড়ুন

×