শিবালয়ে এক মাসে শতাধিক গরুর মৃত্যু
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৯:৩২ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ | ১৩:০৫
| প্রিন্ট সংস্করণ
শিবালয়ে লাম্পি স্কিন রোগে এক মাসে প্রায় শতাধিক গরুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে অন্তত পাঁচ হাজার। এ উপজেলায় সরকারিভাবে ভ্যাকসিন বরাদ্দ ছিল মাত্র দুই হাজার ২৫০টি।
গরু পালনকারীরা জানান, গত প্রায় একমাস ধরে উপজেলার বিভিন্ন গ্রামে গবাদি পশুর মধ্যে লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়ছে। কয়েকজন গেরস্থ জানান, সতর্কতা হিসেবে গরুর এ রোগ দেখা দেওয়ার আগেই কেউ কেউ হোমিওপ্যাথি, কেউ কেউ ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে প্রয়োগ করছেন। এরপরও আক্রান্ত হয়ে গরু মারা যাচ্ছে।
উপজেলার চন্দ্র প্রতাব বাশাইল গ্রামের প্রকাশ কুমার সাহা বলেন, তাঁর তিনটি গরু ছিল। লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে গত শনিবার একটি গাভি মারা যায়। তিনি এনজিও থেকে ঋণ নিয়ে গাভিটি কিনেছিলেন। ওই গ্রামের আনন্দ সরকার বলেন, তাঁর ৪টি গরুর মধ্যে দুটি গত সোমবার লাম্পি স্কিনে আক্রান্ত হয়ে মারা গেছে। বীর বাশাইল গ্রামের সোমউদ্দিন বলেন, প্রায় এক সপ্তাহ আগে তাঁর একটি ষাঁড় লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। উপজেলার ধুসর গ্রামের আদম আলী বলেন, তাঁর ৪টি গাভির মধ্যে একটি লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানোসহ ভ্যাকসিন দেওয়া হলেও সেটি এ রোগে আক্রান্ত হয়েছে। মহাদেবপুর এলাকার জাহাঙ্গীর হোসেন বলেন, এক সপ্তাহ আগে তাঁর পাঁচটি গরুর মধ্যে দুটি মারা গেছে। নালি গ্রামের বারেক শেখ বলেন, তাঁর চারটি গরুর মধ্যে গত সোমবার এ রোগে একটি মারা গেছে।
উথলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মল্লিক বলেন, লাম্পি স্কিন রোগে এলাকায় অনেক গরু মারা যাচ্ছে। উলাইল ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, অনেক গরু মারা যাওয়ার কথা শুনেছি। উপজেলার টেপরা বাজারের ওষুধ বিক্রেতা মাইনুল হোসেন ও আব্দুল্লাহ জানান, গত এক মাসে প্রায় পাঁচ হাজার ডোজ লাম্পি স্কিনের ভ্যাকসিন বিক্রি করেছেন তারা।
উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত এক মাসে ১০০টির বেশি গরু মারা গেছে এ রোগে। এ পর্যন্ত অন্তত পাঁচ হাজার গরু আক্রান্ত হয়েছে বলে জেনেছি। তিনি আরও বলেন, উপজেলায় সরকারিভাবে মাত্র দুই হাজার ২৫০টি ভ্যাকসিন এসেছিল। গবাদি পশু পালনকারীরা পরামর্শ চাইতে এলে আমরা আক্রান্ত গরুকে নিমের পাতার রস ও লেবুর রসসহ তরল জাতীয় খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছি।
- বিষয় :
- গরু