ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

হাওরের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: নাহিদ ইসলাম

হাওরের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: নাহিদ ইসলাম
×

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ২০:৫৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, হাওরাঞ্চলের উন্নয়নে মৎস্যসম্পদ, পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে হাওরবাসীর জন্য বিশেষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা ভূমি অফিস মাঠে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, খালিয়াজুরী একটি অবহেলিত হাওর এলাকা। এখানে বছরের প্রায় ছয় মাস পানি থাকে। বর্ষা মৌসুমে মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় অনেকেই সংকটে পড়েন। এ সময় বিকল্প জীবিকার বিষয়টি সরকারকে ভাবতে হবে।

তিনি বলেন, হাওরে মৎস্য চাষ, পর্যটন এবং মাছের অভয়ারণ্য গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব।

খালিয়াজুরীতে বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তিনি এলাকার একজন সন্তান। আশা করি, তিনি সংসদে হাওরবাসীর সমস্যাগুলো তুলে ধরে সমাধানে ভূমিকা রাখবেন।

রাজনৈতিক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের আন্দোলনে ছাত্র-জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে মুক্ত করেছে। গত নির্বাচনে জনগণ গণভোটের মাধ্যমে মতামত দিয়েছিল। কিন্তু সরকার গঠনের পর সেই গণভোটের বিষয়টি উপেক্ষিত হয়েছে। 

খালিয়াজুরী উপজেলা এনসিপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টু। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আখতার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান। আরও বক্তব্য দেন জাতীয় ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি এবং নেত্রকোনা জেলা এনসিপির আহ্বায়ক ইফতেখার শামীম।

আরও পড়ুন

×