চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২
ছবি- সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৩:২৬ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ১৩:৩৩
চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়।
শনিবার চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক দুজন হলেন- পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়ায় দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দা, একটি লোহা কাটার যন্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে ডিবি। পুলিশের দাবি, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। দুর্গম পথ ও সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে পরিচালিত এ অভিযানে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- অভিযান
- আগ্নেয়াস্ত্র
- ডিবি
- চট্টগ্রাম