ঢাকা রোববার, ২৬ জুলাই ২০২৬

বাছুরের ডাকে ঘুম ভাঙল মালিকের, গরু ফেলে পালাল চোর

বাছুরের ডাকে ঘুম ভাঙল মালিকের, গরু ফেলে পালাল চোর
×

ভিডিও থেকে নেওয়া

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ০০:১২

ফরিদপুরের নগরকান্দায় গরু চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে গরুর ডাকাডাকিতে। গোয়ালঘরের শিকল কেটে গরু চুরি করে পালানোর সময় পরিবারের সদস্যদের ধাওয়ায় গরু রেখেই পালিয়ে গেছে চোর। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত বুধবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামের লাভলু শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ৩ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি বড় একটি লোহার কাটার দিয়ে গোয়ালঘরের শিকল কাটছে। পরে দরজার ছিটকিনি খোলার সময় শব্দ হলে গরুগুলো আতঙ্কিত হয়ে ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে গরুর ডাক শুনে বাড়ির মালিকের ঘুম ভেঙে যায়। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে বাইরে বেরিয়ে ‘চোর-চোর’ বলে চিৎকার শুরু করলে চোর গরু রেখেই পালিয়ে যায়।

গরুর মালিক লাভলু হোসেন জানান, বাড়ি ও গোয়ালঘরের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রাতের অন্ধকারে চোর তিনটি গরু চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢোকে। প্রথমে একটি সাদা রঙের বাছুরকে টেনে গোয়ালঘর থেকে বের করার চেষ্টা করে। তবে বাছুরটির চিৎকার ও অন্য গরুগুলোর ডাকাডাকিতে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে চিৎকার শুনে চোর গরুটি রেখেই পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। এতে খামারি ও গৃহস্থদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা রাতের টহল জোরদার এবং গরু চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

×