ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ী 

তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে তিন যানের সংঘর্ষ, নিহত ২

তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে তিন যানের সংঘর্ষ, নিহত ২
×

প্রতীকি ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১২:৩৮

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন পাঁচটি ওয়াগনের সঙ্গে বাস, মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার রাত ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামের মালেক শেখ (৪৫) এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্র্যাকপাড়া এলাকার মনোয়ার হোসেন পাটোয়ারী (৫০)। তারা দুজনই মাহেন্দ্রার যাত্রী ছিলেন। আহতদের মধ্যে দুজন ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ফরিদপুরের ধুলদি পাওয়ার প্লান্টে তেল সরবরাহ শেষে একটি তেলবাহী ট্রেন রাজবাড়ীর উদ্দেশে ফিরছিল। খানখানাপুর রেলগেটের আগে ট্রেনটির পেছনের পাঁচটি ওয়াগন সংযোগ বিচ্ছিন্ন হয়ে মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। মূল ট্রেনটি চলে গেছে মনে করে গেটম্যান রেলগেট খুলে দেন।

এ সময় গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়াগামী একটি যাত্রীবাহী বাস, একটি মাহেন্দ্র এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা রেললাইন পার হচ্ছিল। ঠিক তখনই গতির রেশ থাকা বিচ্ছিন্ন ওয়াগনগুলো রেলগেটে এসে তিনটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনার পর সাময়িকভাবে ট্রেন চলাচল ও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত ১২টার দিকে রেললাইন থেকে ওয়াগন সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, আমিরাবাদ স্টেশন থেকে ২৬টি ওয়াগন নিয়ে ট্রেনটি রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে আসে। পথে পেছনের পাঁচটি ওয়াগন বিচ্ছিন্ন হয়ে যায়। মূল ট্রেন চলে যাওয়ার পর গেটম্যান রেলগেট খুলে দিলে যানবাহন পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, ঘটনার তদন্তে পাকশী বিভাগের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

×