ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আগে ভোট চুরি হতো, এবার বিএনপি ভোটের ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ

এমপিদের ডোপ টেস্ট করানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

আগে ভোট চুরি হতো, এবার বিএনপি ভোটের ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ
×

চুয়াডাঙ্গায় পথসভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ২২:১৩ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ০০:৩৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্যান্য সরকার ভোট চুরি করত আর বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। সবার আগে বাংলাদেশ বিএনপি সরকার ধারণ করে না, সবার আগে বিএনপি।

সোমবার চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এনসিপির দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির পদযাত্রা ও পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বিভিন্ন খাতে দলীয়করণের অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হওয়া কোনো রাজনৈতিক দল নয়। ব্যবসায়ীদের নিয়ে গড়া কোনো রাজনৈতিক দল নয়। আমাদের একমাত্র মালিকানা হলো দেশের জনগণ।

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশনে বিএনপির একজনকে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দিয়েছে। তার মাধমে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করার চিন্তা করছে।

এনসিপির চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন– ডা. মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষারসহ স্থানীয় নেতারা।

এদিকে মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিশ্বের বড় রাজনৈতিক দলের দাবিদার একটা গ্রুপকে টেলিগ্রাম লীগে পরিণত করা হয়েছে। ট্যাঙ্ক, গোলাবারুদ, পাশের দেশ, বিদেশি শক্তি, টাকা পয়সা, অর্থবিত্ত কোনো  কিছুই এই দলটার পতন ঠেকাতে পারেনি।

আখতার হোসেন এমপি বলেন, আওয়ামী লীগ ইলেকশন দিতে চাইত না। ছয় মাস হয়ে গেছে বিএনপি কবে স্থানীয় নির্বাচন দেবে তা এখনও জানায়নি।

এনসিপির মেহেরপুর জেলা সমন্বয়কারী শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ডা. মাহমুদা মিতু এমপি, নুসরাত তাবাসসুম এমপি প্রমুখ।

এমপিদের ডোপ টেস্ট করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, অনেক এমপি মদের বারে বসেন বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, পার্লামেন্টে ঢোকার আগে এসব এমপির ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্টে চিহ্নিত করা গেলে বাংলাদেশ মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা পাবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সোমবার কিশোরগঞ্জের তাড়াইলে পথসভায় তিনি এসব কথা বলেন।

দলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনের সভাপতিত্বে এবং আরেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্সের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ, জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক আবু সাঈদ উজ্জ্বল, দলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার প্রমুখ।

আরও পড়ুন

×