কাজের খোঁজে আড়াই মাস আগে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়, প্রাণ গেল অগ্নিকাণ্ডে
নিহত রাজিক বেপারী। ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১৩:০৬ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ | ১৩:৪৬
পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা আর সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে মাত্র আড়াই মাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন মুন্সীগঞ্জের রাজিক বেপারী (৫২)। কিন্তু দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। নিহতদের একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিণ কালিন্দিপাড়া এলাকার বাসিন্দা রাজিক বেপারী। তিনি মৃত সালাম বেপারীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, জীবিকার সন্ধানে মাত্র আড়াই মাস আগে দক্ষিণ আফ্রিকায় যান রাজিক বেপারী। সেখানে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় দোকানের ভেতরের আবাসিক কক্ষে সাতজন ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে ছয়জন বাংলাদেশি প্রবাসী আগুনে পুড়ে মারা যান। নিহতদের একজন ছিলেন রাজিক বেপারী।
কান্নাজড়িত কণ্ঠে নিহতের বোন ফাতেমা বেগম বলেন, তার ভাইয়ের তিনটি মেয়ে রয়েছে এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা। সংসারের হাল ধরতে ও পরিবারের মুখে হাসি ফোটাতে তিনি বিদেশে গিয়েছিলেন। সকালে আগুন লাগার খবর পাওয়ার পর জানতে পারেন, তার ভাই আর বেঁচে নেই।
নিহতের বড় ভাই সালাম বেপারী বলেন, আগুনে তার ভাইয়ের মরদেহ কঙ্কালে পরিণত হয়েছে বলে তারা শুনেছেন। সরকারের কাছে তাদের একমাত্র দাবি, দ্রুত রাজিক বেপারীর মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হোক।