বাঁধ নির্মাণে পানিবন্দি ৫০ একর জমি ও বিদ্যালয়
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ০৮:২৭
| প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫০ একর ফসলি জমি ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত অন্তত তিন বছর ধরে পানি নিষ্কাশন সমস্যার কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ গুরুতর আকার ধারণ করেছে। ফরিদপুর গ্রামবাসীর অভিযোগ, প্রাকৃতিক খাল দখল, ভরাট এবং বিভিন্ন স্থানে অবৈধভাবে বাঁধ নির্মাণের ফলে বর্ষা মৌসুমে পানি বের হওয়ার স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। এতে কৃষিজমি জলাবদ্ধ হয়ে ফসল নষ্ট হচ্ছে এবং জনজীবন প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক ও ফরিদপুর গ্রামের বাসিন্দা ডা. মিছবা জানান, একসময় গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত প্রাকৃতিক খালগুলো দিয়ে সহজে অতিরিক্ত পানি নিষ্কাশন হতো। সময়ের সঙ্গে সঙ্গে কিছু অসাধু ব্যক্তি খাল দখল ও অবৈধ বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করেছেন। ফলে প্রতিবছর বর্ষায় বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে যায়।
গ্রামের বাসিন্দা কনা মিয়া ও আবদুল মুহিত অভিযোগ করেন, সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন কিছু জমি অসাধু ব্যক্তিরা অবৈধভাবে দখল করে রেখেছেন। ফরিদপুর গ্রামের আব্দুস সালাম ও ধর্মনগর গ্রামের পাভেল আহমদ সরকারি খালের ওপর বাঁধ দিয়ে এবং পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দিয়েছেন। এর ফলে গত তিন বছর ধরে পুরো গ্রামের ৫০ একর জমিতে জলাবদ্ধতা লেগে আছে। শুধু কৃষির ক্ষতি নয়, রাস্তাঘাট নষ্ট হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না এবং স্বাভাবিক সামাজিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
চঞ্চল পাল নামের এক বাসিন্দা জানান, বাঁধের বিরুদ্ধে তিনি নবীগঞ্জ থানায় মামলা করেছিলেন। দারোগা এসে তিনটি বাঁধ কেটে দিলে পানি নেমে যায়। কয়েকদিন পর প্রভাবশালী পাভেল ও সালাম গোষ্ঠী পুনরায় বাঁধ নির্মাণ করে। এখন জমির পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও পানিবন্দি হয়ে পড়েছে। ঘরের ভেতরেও পানি উঠে যাচ্ছে। বিষয়টি প্রশাসনের দ্রুত খতিয়ে দেখা প্রয়োজন।
আব্দুস সালাম বলেন, তিনি বাঁধ দিয়েছেন এটা সত্য। তবে তার আগে পাভেল আহমদ জোর করে বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে। সে যদি তার বাঁধ কেটে দেয়, তবে তিনিও কেটে দেবেন। কিছুদিন আগে তার বাঁধ কাটা হলেও পাভেলের বাঁধ কাটা হয়নি, তাই তিনি আবার বাঁধ দিয়েছেন।
- বিষয় :
- বাঁধ