টানা বর্ষণের প্রভাবে উল্লাপাড়ায় কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা
ফাইল ছবি
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১২:২২
টানা বর্ষণের প্রভাবে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাট-বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত এক সপ্তাহ ধরে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টিতে মরিচের ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ায় উৎপাদন কমে গেছে, যার প্রভাব পড়েছে বাজারে।
উল্লাপাড়া পৌরসভার কিচেন মার্কেটের কাঁচা মরিচ ব্যবসায়ী হাসান আলী ও আসাদুল ইসলাম জানান, মাস দেড়েক আগেও একই বাজারে কাঁচা মরিচের কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকা। কিন্তু চলতি জুলাইয়ের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মরিচের ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে উৎপাদন কমে যাওয়ায় দাম কয়েক গুণ বেড়ে গেছে।
তারা জানান, উল্লাপাড়ার ব্যবসায়ীরা মূলত পাবনার বেড়া, সাঁথিয়া ও কাশীনাথপুরের আড়ত থেকে কাঁচা মরিচ সংগ্রহ করেন। কিন্তু উৎপাদন কমে যাওয়ায় এসব আড়তে মরিচের সরবরাহও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।
পাবনার কাশীনাথপুরের আড়তদার জাহিদুল ইসলাম বলেন, প্রবল বর্ষণে এ অঞ্চলের মরিচের ক্ষেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গাছ নষ্ট হয়ে গেছে, আর যেগুলো টিকে আছে সেগুলোরও ফুল ঝরে পড়ায় ফলন কমেছে। ফলে আড়তে মরিচের আমদানি অর্ধেকেরও বেশি কমে গেছে।
তিনি আরও বলেন, উৎপাদন কমে যাওয়ায় চাষিরাও ক্ষতির মুখে পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কাঁচা মরিচের দাম কমার সম্ভাবনা খুবই কম।
- বিষয় :
- কাঁচা মরিচ
- বাজারদর