ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণ আমদানি আরও সহজ হচ্ছে, রপ্তানির নতুন সম্ভাবনা: বাজুস সভাপতি

স্বর্ণ আমদানি আরও সহজ হচ্ছে, রপ্তানির নতুন সম্ভাবনা: বাজুস সভাপতি
×

যশোরে বাজুস সভাপতি এনামুল হক

যশোর অফিস

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৭:২৫

‘স্বর্ণ স্মাগলিং পণ্য নয়। দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি একটি সিন্ডিকেটের কারণে স্বর্ণের বৈধ আমদানির পথ বাধাগ্রস্ত ছিল। খুব শিগগিরই স্বর্ণ আমদানিতে আরও সহজীকরণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বৈধ উপায়ে এখন স্বর্ণ আমদানির সুযোগ তৈরি হওয়ায় দেশীয় স্বর্ণ খাত এখন রপ্তানির নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। ’ এসব কথা বলেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি এনামুল হক খান। 

শুক্রবার দুপুরে যশোরে খুলনা বিভাগীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভায় তিনি বলেন, ‘যে পণ্য স্ত্রী-সন্তান ও স্বজনেরা ব্যবহার করে, সেই পণ্য কখনই স্মাগলিং হতে পারে না। এ দেশের কিছু অসাধু ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিদেশি সিন্ডিকেটের চক্রান্তের কারণেই দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসা বৈধতা অর্জন করতে পারেনি। সভায় খুলনা বিভাগের ১০ জেলার জুয়েলার্স সমিতির নেতারা অংশ নেন।’

এনামুল হক খান বলেন, স্বর্ণ খাতকে একটি সুনির্দিষ্ট শৃঙ্খলায় এনে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ওপর জোর দিয়েছে সরকার। স্বর্ণ খাতকে ফরম্যালাইজড ও শৃঙ্খলাবদ্ধ করতে ভ্যাট, টার্নওভার ট্যাক্স এবং উৎস কর হ্রাসসহ সরকারের নীতিগত সহযোগিতা পাওয়া গেছে। 

তিনি বলেন, বৈধ উপায়ে স্বর্ণ আমদানির সুযোগ তৈরি হওয়ায় দেশীয় স্বর্ণ খাত রপ্তানির নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে আন্তর্জাতিক জুয়েলারি রপ্তানির তালিকায় একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার সুনির্দিষ্ট লক্ষ্য ব্যক্ত করে তিনি বলেন, সরকার স্বর্ণ ব্যবসায়ীদের যেসব সুযোগ ও সুবিধা প্রদান করেছে, ব্যবসায়ীরা তা শতভাগ কাজে লাগাতে চান। খুব শিগগিরই স্বর্ণ আমদানিতে আরও সহজীকরণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যার মাধ্যমে সকল লাইসেন্সধারী ব্যবসায়ী বৈধভাবে স্বর্ণ আমদানি করতে পারবেন। এর ফলে দেশের চাহিদা মিটিয়ে স্বর্ণের বাজার সফলভাবে বিদেশের মাটিতে প্রসারিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যশোর জেলা বাজুসের সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়ের সভাপতিত্বে সভায় বাজুসের কেন্দ্রীয় সহ-সভাপতি আজাদ আহমেদ, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সমীর ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীনসহ খুলনা বিভাগীয় কমিটির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।


 

আরও পড়ুন

×