পটিয়ায় কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
নিহত মোহাম্মদ তোহা। ছবি: সংগৃহীত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ১১:৩৪ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ১২:৩৫
চট্টগ্রামের পটিয়া উপজেলায় কলাগাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ তোহা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের মোনাফ হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোহা ওই এলাকার বাসিন্দা আবুল বশরের ছেলে।
নিহতের স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বাগান থেকে কলাসহ বিভিন্ন ফল চুরির ঘটনা ঘটছিল। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পরিবারটি সতর্ক ছিল। শুক্রবার রাতে বাড়ির সামনে সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে তাদের গতিবিধি নজরে রাখেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে ঝোপের ভেতর থেকে কলাগাছ কাটার শব্দ শোনা যায়।
নিহতের ভাগনে শওকত জানান, পরে মোহাম্মদ তোহা ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশী আনোয়ার ও বাবুলের কাছে কলাগাছ কাটার কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়।
স্বজনদের অভিযোগ, ধস্তাধস্তির সময় আনোয়ার ও বাবুল একটি টর্চলাইট দিয়ে তোহার বুকে আঘাত করেন। পরে অভিযুক্তদের পরিবারের আরও কয়েকজন ঘটনাস্থলে এসে মারধরে অংশ নেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তোহা।
নিহতের পরিবারের দাবি, এ ঘটনায় প্রতিবেশী এজাহার মিয়া, তার চার ছেলে সাদ্দাম, বাবুল, আনোয়ার ও তারেক এবং মেয়ে ছেনোয়ারা জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য আলামত যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সংঘর্ষে নিহত
- চট্টগ্রাম
- পটিয়া