অভিযোগকারীকে সঙ্গে নিয়ে মহসিন কলেজ মাঠ ঘুরলেন চসিক মেয়র
মাঠ পরিদর্শন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ২১:২০ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ২১:২৪
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) টাকায় সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের খেলার মাঠ সংস্কার ও উন্নয়নকাজ নিয়ে অভিযোগ তোলা ব্যক্তিকে সঙ্গে নিয়ে সরেজমিন মাঠ পরিদর্শন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও অপপ্রচার চালানোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
আজ শনিবার রডের বদলে বাঁশ দেওয়া ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের পর সত্যতা দেখতে ছুটে যান খোদ মেয়র। অভিযোগকারীকে সঙ্গে নিয়ে পুরো মাঠ ঘুরে দেখে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ পাননি।
পরিদর্শন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, সম্প্রতি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী দাবিদার এইচএম শাহীন নামে একজন ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে প্রায় ৪ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ের এই উন্নয়ন প্রকল্পে ‘রডের বদলে বাঁশ’ ব্যবহারের বানোয়াট অভিযোগ করেন। সেখানে অন্যায়ভাবে সিটি করপোরেশন ও মেয়রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়। বিষয়টি নজরে আসার পরপরই স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগকারীকে সঙ্গে নিয়ে মাঠের প্রতিটি অংশ তন্ন তন্ন করে খোঁজা হয়। কিন্তু রডের বদলে বাঁশ দেওয়ার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকল্পটি বিশ্বব্যাংকের ফান্ডে হওয়ায় ঠিকাদার নিয়োগ থেকে শুরু করে যাবতীয় তদারকি বিশ্বব্যাংক নিজেই করছে। এ কাজে সিটি করপোরেশনের আর্থিক লেনদেন বা ঠিকাদারি নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই।
মেয়র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা তরুণদের জন্য ফ্লাডলাইট, সৌন্দর্যবর্ধন, ওয়াকওয়ে, টয়লেট সুবিধা ও চিলড্রেন পার্কসহ একটি আধুনিক খেলার মাঠ তৈরি করছি। কিন্তু একটি বিশেষ মহল অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভালো কাজের ওপর কালিমালিপ্ত করতে অপপ্রচার চালাচ্ছে। এখন থেকে মিথ্যা প্রচারণাকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রকল্পের নিয়োজিত ঠিকাদার এবং চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- চট্টগ্রাম
- চসিক প্রশাসক
- চসিক
- চসিক মেয়র