ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামী আটক

সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামী আটক
×

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৩:৪৯

দিনাজপুরের বিরলে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামী মাহবুবুর রহমানের (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামীকে রাতেই আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর দগ্ধ সুমাইয়া আক্তার শ্যামলীকে (২৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহত শ্যামলী উপজেলার বিজোড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামের বাসিন্দা ও দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমানের সঙ্গে শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। সন্তানদের দেখার কথা বলে শ্যামলীর বাড়িতে যান মাহবুবুর রহমান। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।

শ্যামলীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে মাহবুবুর রহমান পালিয়ে যান। স্থানীয়রা দগ্ধ শ্যামলীকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে আটক করে। ঘটনাস্থল থেকে পেট্রোলের আলামত এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×