ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে নিয়ন্ত্রণ হারিয়ে রিটেইনিং ওয়ালে আটকা কনটেইনার জাহাজ

কর্ণফুলীতে নিয়ন্ত্রণ হারিয়ে রিটেইনিং ওয়ালে আটকা কনটেইনার জাহাজ
×

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১৯:১৩

চট্টগ্রামের কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে স্টিয়ারিংয়ের যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রিটেইনিং ওয়ালে আটকে গেছে কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস। জাহাজটি সরিয়ে নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাগবোটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে।

সোমবার বেলা সোয়া দুইটার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ নম্বর লাল বয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, বন্দর চ্যানেল দিয়ে চলাচলের সময় জাহাজটির স্টিয়ারিং হঠাৎ বিকল হয়ে যায়। এতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খায়। পরে স্রোতের টানে প্রতিরোধক রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে পড়ে।

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে বন্দরের কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ টাগবোট মোতায়েন করা হয়েছে। জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে নৌবাহিনী ও কোস্টগার্ডও সমন্বিতভাবে কাজ করছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরও কর্ণফুলী বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার পর স্টিয়ারিং বিকলের কারণ এবং দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি তদন্ত করে দেখা হবে। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

×