বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ
সরবরাহ বাড়ায় দাম কমেছে হিলির স্থানীয় বাজারে
যশোর অফিস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ২২:৫০
অতিবৃষ্টির কারণে দেশের বাজারে হঠাৎ কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে পণ্যটি আমদানি শুরু হয়েছে। গত সোমবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ টন ২০০ কেজি কাঁচামরিচ দেশে প্রবেশ করে। বন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাতে আমদানীকৃত কাঁচামরিচ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। এর আগে একই দিন বিকেলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচবোঝাই তিনটি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হয়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, সোমবার মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্রুত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হয়েছে। কাঁচামরিচ নিয়ে সীমান্তের ওপারে প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি ট্রাক।
আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে তাঁর খরচ পড়েছে ১৩৫ টাকা। সামান্য লাভ রেখে পণ্যটি বাজারে বিক্রি করা হবে। আমদানি বাড়লে বাজারে মরিচের দাম কমে আসবে বলে আশা করেন তিনি।
তাঁর অভিযোগ, প্রশাসনিক হয়রানি ও পণ্য ছাড়করণে জটিলতায় রাজস্ব বেশি গুনতে হচ্ছে। এতে আমদানিকারকরা লোকসানের মুখে পড়ছেন এবং খরচ বাড়ছে। এদিকে যশোরসহ বেনাপোল বন্দরের কাঁচাবাজারে গত সোমবার প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের অনুমতি পাওয়ার পর ভারতের বিভিন্ন প্রদেশ, বিশেষ করে মহারাষ্ট্রের নাসিক থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ী মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) পেয়েছেন এবং গত সোমবার থেকেই আমদানি কার্যক্রম শুরু হয়েছে।
আমদানি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, প্রতি টন কাঁচামরিচের ঘোষিত আমদানি মূল্য ২৩ হাজার ৮৭৫ টাকা, অর্থাৎ প্রতি কেজির মূল্য পড়ে প্রায় ২৪ টাকা। এর সঙ্গে সরকারকে কেজিপ্রতি প্রায় ৪৫ টাকা শুল্ক দিতে হচ্ছে। সে হিসাবে আমদানি ব্যয় কেজিপ্রতি প্রায় ৭৮ টাকা হওয়ার কথা। তবে আমদানিকারকদের দাবি, পরিবহন, কাস্টমস, বন্দর, খালাসসহ অন্যান্য খরচ যোগ হওয়ায় প্রকৃত ব্যয় আরও বেড়ে যাচ্ছে।
আমদানির পর দাম কমেছে হিলিতে
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, গত সোমবার ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরুর পরদিনই স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ১০৪ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। স্থানীয় বাজারে সরবরাহ বাড়ার ফলে কেজিতে আগের দিনের তুলনায় পণ্যটির দাম কমেছে অন্তত ১৩০ টাকা। কয়েক দিন আগেও ২৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া পণ্যটি মঙ্গলবার হিলির স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ১৫০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি বৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন এলাকায় মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমে যায়। এতে সরবরাহ সংকট সৃষ্টি হয়ে পণ্যটির দাম দ্রুত বেড়ে যায়। আমদানি শুরু হওয়ার পর বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়ছে এবং দাম কমতে শুরু করেছে। আমদানি অব্যাহত থাকলে পণ্যটির দাম আরও কমতে পারে।
- বিষয় :
- বেনাপোল বন্দর
- কাঁচামরিচ
- ভারত
- আমদানি