আশুলিয়ায় বিএটির গুদামের আগুন ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৯:৩০ | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ | ১৯:৩২
সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের একটি গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে জিরাবো, ডিইপিজেড ও ধামরাই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট টানা ৬ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে আগামীকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত গুদামটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে গুদামের পেছন দিকে ধোঁয়া ও আগুনের শিখা দেখে তাঁরা তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জিরাবো স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও দুটি, ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি এবং ধামরাই ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে জিরাবো ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে আরও ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। গুদামটিতে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, সকাল সাড়ে ৭টায় আগুনের খবর পেয়ে জিরাবো, ডিইপিজেড ও ধামরাই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একপর্যায়ে দুপুর সাড়ে ৩টার দিকে টানা ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, আগুন পুরোপুরি নির্বাপণ করতে আগামীকাল পর্যন্ত সময় লাগতে পারে।
আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে হাজার হাজার টন তামাক রয়েছে, যেগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়টি সম্পূর্ণ তদন্তসাপেক্ষ।’
প্রসঙ্গত, শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) ২০২৫ সালের জুলাইয়ে রাজধানীর মহাখালীর কারখানাটি আশুলিয়ায় স্থানান্তর করে। নতুন কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছিল।
- বিষয় :
- সাভার
- আগুন
- বিএটি বাংলাদেশ