পদ্মা ব্যারাজ নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ০১:৩৪
রাজবাড়ীর গোয়ালন্দে উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পদ্মা ব্যারাজ নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে।
গতকাল শুক্রবার গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং পরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘পদ্মা ব্যারাজ আমরা করব। কিন্তু পদ্মা সেতুও আমাদের দরকার। আপনারাই বলেন, দ্বিতীয় পদ্মা সেতু দরকার না?’ এ সময় উপস্থিত জনতা সমস্বরে ‘হ্যাঁ’ বলে সাড়া দেন। জবাবে তিনি বলেন, এটি বাস্তবায়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
গোয়ালন্দের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, গোয়ালন্দের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, বাণিজ্যসহ সব খাতে উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি অর্থবছরেই এসব পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।
গোয়ালন্দ উপজেলার বেহাল সড়ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শুধু গোয়ালন্দ নয়, সারাদেশের রাস্তাঘাটের অবস্থা খারাপ। শুধু রাস্তাঘাটই নয়, প্রায় প্রতিটি সেক্টরেই আমরা নানা সমস্যা পেয়েছি। তবে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আশা করছি, চলতি অর্থবছরেই গোয়ালন্দের অনেক সমস্যার সমাধান হবে।
মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের সুষ্ঠু, সুস্থ এবং সাবলীল সংস্কৃতি দেখতে চাই। আমাদের প্রধানমন্ত্রীর আহ্বানও সেটিই। সুস্থ সংস্কৃতি গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। দীর্ঘদিন ধরে সংস্কৃতিতে পৃষ্ঠপোষকতার অভাবে এ খাতের অধঃপতন হয়েছে। এর প্রভাব যুবসমাজের মধ্যেও পড়েছে।
এর আগে সকালে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে গোয়ালন্দে পৌঁছান সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি উপজেলা পরিষদে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
- বিষয় :
- রাজবাড়ী
- পদ্মা সেতু
- সংস্কৃতি প্রতিমন্ত্রী