ছাগলনাইয়া সীমান্তে মোটরসাইকেলসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
ছবি: সংগৃহীত
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০১:১৯
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে উপজেলার মধুগ্রাম, চম্পকনগরসহ কয়েকটি সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তের ত্রিপুরা থেকে চোরাকারবারিরা আমদানিনিষিদ্ধ এসব পণ্য এনে পাচারের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে জমা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই এলাকাগুলো ঘিরে অভিযান চালান। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, প্রসাধনী ক্রিম, পাউডার, অরেঞ্জ ট্যাংক ও মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়। কেউ কেউ ছাগলনাইয়ার বিভিন্ন গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ফুলগাজী সীমান্ত এলাকাতেও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। এসব মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।
- বিষয় :
- ফেনী
- বিজিবি
- ভারতীয় পণ্য
- জব্দ