মাতারবাড়ী মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাডে প্রধানমন্ত্রী তারেক রহমান
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১১:৪০ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ১১:৫৮
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাডে অবতরণ করে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম মহেশখালী সফর।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি মাতারবাড়ীর উদ্দেশ্যে রওনা হন।
দিনব্যাপী এই সফরের শুরুতে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ১,৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। সেখানে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত বিভিন্ন অবকাঠামো প্রকল্প পর্যালোচনা করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
মাতারবাড়ীর পরিদর্শন ও কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নতুন ঘর হস্তান্তর কর্মসূচিতে অংশ নেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহেশখালী ও মাতারবাড়ীজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফর নির্বিঘ্ন করতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। ভেন্যু ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।