যৌতুকের মামলায় সরকারি কলেজের শিক্ষক কারাগারে
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৭:৪৪
চট্টগ্রামে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাকসুদুল হাসানকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার নগরের শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। তিনি ৪৬তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাকসুদুল হাসানের বিরুদ্ধে তার স্ত্রী ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ করেছেন। দাবিকৃত টাকা দিতে না পারায় তাকে মানসিক চাপ দেওয়া ও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়। এ ঘটনায় তার স্ত্রী মামলা করেন।
মামলায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, যৌতুকের মামলায় শুলকবহরের কালা মুন্সি লেইনের বাসা থেকে মাকসুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- বিসিএস
- শিক্ষক
- যৌতুক মামলা
- কারাগার