ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু

সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু
×

ফাইল ছবি

রাঙামাটি অফিস

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৮:০৯

তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে আবারও মাছ আহরণ শুরু হয়েছে। সোমবার মধ্যরাত থেকে হ্রদের বিভিন্ন এলাকায় মাছ শিকারে নামেন জেলেরা। দীর্ঘদিন পর মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙামাটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ ঘাটে।

রাতভর মাছ আহরণের পর ভোর থেকেই মাছভর্তি নৌকা নিয়ে ঘাটে আসতে শুরু করেন জেলেরা। তাদের আনাগোনায় কর্মচঞ্চল হয়ে ওঠে অবতরণ ঘাট। নির্ধারিত রাজস্ব পরিশোধের পর এসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে।

দীর্ঘদিন মাছ আহরণ বন্ধ থাকায় কর্মহীন ছিলেন জেলে, মৎস্য ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় তাদের মধ্যে কর্মব্যস্ততা ফিরেছে। মাছ আহরণ শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে স্বস্তি।

জেলে ও ব্যবসায়ীরা জানান, হ্রদে বর্তমানে কেচকি ও চাপিলা মাছ বেশি ধরা পড়ছে। কয়েক দিন পর বড় আকারের মাছও জালে ধরা পড়বে বলে আশা করছেন তারা।

বিএফডিসির রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, প্রায় সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হয়েছে। সকাল থেকেই হ্রদ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাছ অবতরণ হচ্ছে। গত বছরের তুলনায় এবার মাছের অবতরণ বেশি হবে।

তিনি বলেন, এ বছর প্রাকৃতিক পরিবেশ কিছুটা প্রতিকূল থাকায় মাছের উৎপাদনে এর প্রভাব পড়তে পারে। তবে সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে গত বছরের তুলনায় এবার বেশি মাছ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বিএফডিসির তথ্য অনুযায়ী, গত বছর কাপ্তাই হ্রদ থেকে প্রায় ১০ হাজার মেট্রিক টন মাছ অবতরণ হয়েছিল। এতে সংস্থাটির রাজস্ব আয় হয়েছিল ২২ কোটি ৬০ লাখ টাকা।

ফয়েজ আল করিম বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও মাছ আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

আরও পড়ুন

×