ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও তিনজন

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও তিনজন
×

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৭:১৯

চট্টগ্রাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের দুর্নীতি মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে সাক্ষ্যগ্রহণ হয়। এ নিয়ে মামলায় মোট ৪০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৭ আগস্ট মামলার পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আদালত।

মামলার আসামিরা হলেন- সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ(৫৬), তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬), সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬) ও রোকসানা জামান চৌধুরী (৫৬), সাবেক পরিচালক বশির আহমেদ (৫৫), আফরোজা জামান (৪৮), সৈয়দ কামরুজ্জামান (৬১), মো. শাহ আলম (৬২), মো. জোনাইদ শফিক (৬৪), অপরূপ চৌধুরী (৬৫), তৌহিদ সিপার রফিকুজ্জামান (৬৬), ইউনুছ আহমদ (৭৯), হাজী আবু কালাম (৭৯), নুরুল ইসলাম চৌধুরী (৬২) এবং সাবেক চেয়ারম্যান এম এ সবুর (৭৭) ও সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী (৬৪) প্রমুখ।

দুদক পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের করা ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় রোববার দুদক পক্ষ থেকে আদালতে ৩ জন সাক্ষী উপস্থাপন করা হয়। আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত এই মামলায় মোট ৪০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। 

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উলাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরবর্তীতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে সেই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কিনে নেন।

২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি করেছিলেন। গত ৫ জানুয়ারি ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

আরও পড়ুন

×