চট্টগ্রামে ১২৬ কনটেইনার পণ্য ধ্বংসের কাজ শুরু
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ২২:২০
আমদানি করা ৩৪ কনটেইনারের ৯৩৫ টন খেজুর, ৪০ কনটেইনারে ১ হাজার ২ টন মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশসহ ১২৬ কনটেইনার পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। আজ সোমবার বন্দর রিপাবলিক ক্লাবের পেছনে বিশাল গর্ত করে এসব পণ্য ধ্বংস করার কাজ শুরু হয়।
এবারে তালিকাভুক্ত পণ্যের মধ্যে রয়েছে- মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইম স্টোন, মেয়াদোত্তীর্ণ বেনটোনাইট পাউডার, পচা কমলা, নষ্ট পেঁয়াজ, নষ্ট কেশোনাট, ফুড স্টাফ ইত্যাদি।
কাস্টম হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ জানান, নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ ও ব্যবহার অনুপযোগী ১২৬ কনটেইনারে থাকা ৩ হাজার ২২৬ টন পণ্য ধ্বংস করা হচ্ছে। প্রথম দিন ১০ কনটেইনার পণ্য ধ্বংস করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও নির্দেশে এসব পণ্য ধ্বংস করা হচ্ছে।
আমদানি করা পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার ৩০ দিনের মধ্যে সরবরাহ নিতে হয়। কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে দেওয়া হয় নোটিশ। এটি দেওয়ার ১৫ দিনের মধ্যে এই পণ্য সরবরাহ না নিলে তা নিলামে তোলা যায়। নিলামে বিক্রি না হলে বা পণ্যের মেয়াদ শেষ হয়ে গেলে জনস্বার্থ ও জনস্বাস্থ্যের হুমকি বিবেচনায় এসব পণ্য ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
- বিষয় :
- চট্টগ্রাম
- কাস্টম হাউস