ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্লাবনে ফেলে দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখা যাবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্লাবনে ফেলে দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখা যাবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী
×

খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করে পানি সম্পদ প্রতিমন্ত্রী। ছবি: সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১৩:৪০ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ | ১৪:০৩

প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে পানির গেট খুলে দিয়ে কোনো অঞ্চলের মানুষকে বন্যাকবলিত করা যাবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। দেড় মাসের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বার বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় পরিস্থিতি দেখতে সেখানে যান তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রতিবেশী যেকোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গেলে এভাবে প্লাবনে ফেলে দিয়ে এই অঞ্চলের মানুষকে বন্যাকবলিত করা যাবে না। তাহলে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও অটুট হবে।’

খোয়াই নদীর বাঁধের বর্তমান অবস্থা পর্যালোচনায় বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করছে। প্রতিমন্ত্রী বলেন, শুধু বাঁধ নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে কি না, নাকি সেখানে সুইসগেট স্থাপন প্রয়োজন, তা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনের সময় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ আগামী ১৫ দিনের মধ্যে বাঁধের প্রয়োজনীয় কাজ শেষ করার নির্দেশ দেন। কাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকির জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়।

এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×