ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

গুমের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া বড় প্রহসন: সারজিস আলম

গুমের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া বড় প্রহসন: সারজিস আলম
×

প্রেস ব্রিফিংয়ে কথা বলেন সারজিস আলম। ছবি: সমকাল

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৭:৩৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংস্থা ও সদস্যের বিরুদ্ধে গুমের অভিযোগ থাকলে তাদের কাছেই অভিযোগ দেওয়া, মামলা করা এবং তাদের দিয়েই তদন্ত করানো বড় প্রহসন। তিনি বলেন, যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংস্থা, কিছু সদস্যের দ্বারা গুম হয়, তাদের কাছে আপনারা অভিযোগ দিতে বলছেন, মামলা করতে বলছেন, তাদের দিয়ে তদন্ত করাবেন—এর চেয়ে বড় প্রহসনের আর কিছু হতে পারে না।

বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের এসএসকে সড়কের নকশী টাওয়ারের গোল্ডেন প্যালেস বিল্ডিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সারজিস আলম।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপির আচরণটা হলো এ রকম, তারা প্রত্যেকটা জায়গায় ফাঁদ তৈরি করবে। এই ফাঁদের মধ্য দিয়ে তারা আপনাকে দুই-একটা টোপ হিসেবে নেওয়ার জন্য বলবে, আপনি নেবেন না। পরবর্তীতে তারা এটাকে অজুহাত হিসেবে দেখাবে, আমরা দিতে চেয়েছিলাম, তারা নেয়নি। সুযোগ ছিল বিএনপির কাছে, এই রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়াটা। সেই প্রক্রিয়াটা কিন্তু সত্তরের অনুচ্ছেদের প্রতিফলন, যেটা আমরা জুলাই সনদ অনুযায়ী দেখতে চেয়েছিলাম। এই সুযোগটা বিএনপির ছিল। কিন্তু তারা তো সেটাই করল না।’

তিনি আরও বলেন, যখন বিরোধী দল গণতান্ত্রিক প্রক্রিয়ার চেষ্টা করল, তারা এখন বলছে, তারা এতে অংশগ্রহণ করেছে। তারা এমন ফাঁদ তৈরি করছে, আপনি অংশগ্রহণ করলেও দোষ, না করলেও দোষ।

বিএনপি সংস্কারসংক্রান্ত কয়েকটি অধ্যাদেশ আইন করার কথা বলেছিল উল্লেখ করে সারজিস আলম বলেন, বিএনপি কিছু অধ্যাদেশ আইন করার কথা ছিল। প্রায় ১৬ থেকে ২০টা। বিএনপি বলেছিল, তারা আরও নতুন করে ভালোভাবে এগুলো সংস্কার করে, যাচাই-বাছাই করে আরও সমৃদ্ধ করে জনগণের জন্য বাস্তবায়ন করবে, আইনে পরিণত করবে। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে গুমের যে অধ্যাদেশ, যেটা আজকে (বৃহস্পতিবার) সংসদে উঠবে, সেটাকে এমনভাবে আনা হয়েছে, যেটা আওয়ামী লীগের সময় গুমের যে আইন ছিল, ওই আইন কিংবা তার চেয়ে দুর্বলভাবে উপস্থাপন করা হয়েছে।’

মানবাধিকারসংক্রান্ত অধ্যাদেশ নিয়েও সমালোচনা করে তিনি বলেন, শুধু গুমের নয়, মানবাধিকারসংক্রান্ত যেসব অধ্যাদেশ রয়েছে, যেগুলো তারা বাতিল করেছে, সেগুলোকে তারা ওইভাবে নিয়ে আসছে, যেভাবে পূর্বে ছিল।

প্রেস ব্রিফিংয়ে ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও দলের নীতিনির্ধারকদের ফোরামের সদস্য সরোয়ার তুষার, নীতিনির্ধারকদের ফোরামের সদস্য ও যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সূজা উদ্দিন, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ও সংগঠক মনসুর আব্দুল্লাহ। এ সময় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×