ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

৪০ ফুটের কনটেইনারে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি

৪০ ফুটের কনটেইনারে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি
×

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৫৬

চট্টগ্রাম বন্দরে যন্ত্রাংশের চালান হিসেবে ঘোষণা দিয়ে আনা হয়েছিল বিলাসবহুল চারটি গাড়ি। ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনারে তিন স্তরে লুকিয়ে রাখা এসব গাড়ির শুল্ককরসহ মূল্য প্রায় ১২ কোটি টাকা। অভিযান চালিয়ে এসব গাড়ি এবং আরও দুটি গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গত সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরের পিসিটি এলাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল এ অভিযান চালায়। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক সাগর সেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, জাপান থেকে আসা চালানটিতে ‘ব্যবহৃত মোটরযানের খুচরা যন্ত্রাংশ এবং গিয়ারবক্সসহ ব্যবহৃত পেট্রোলচালিত ইঞ্জিন’ ঘোষণা করা হয়েছিল। আমদানিকারক প্রতিষ্ঠান ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস মোংলা কাস্টমস হাউসের পাশাপাশি চট্টগ্রাম কাস্টমস হাউস দিয়েও এ ধরনের পণ্য আমদানি করে আসছিল।

অভিযানে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০, বিএমডব্লিউ এম৫ মডেলের গাড়িসহ আরও গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সন্ধান পাওয়া যায়। কর্মকর্তারা জানান, গাড়ির ধরন অনুযায়ী এসব পণ্যে ১০৩ থেকে ৬২১ শতাংশ পর্যন্ত শুল্ক প্রযোজ্য হতে পারে। ফলে গাড়ির বদলে কম শুল্কের খুচরা যন্ত্রাংশ ঘোষণা করে আমদানির মাধ্যমে বড় অঙ্কের রাজস্ব ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে কাস্টমস কর্তৃপক্ষ।

আরও পড়ুন

×