সন্দ্বীপ চ্যানেলে অ্যাম্বুল্যান্সসহ ৯ ঘণ্টা আটকে ছিল ফেরি
নয় ঘণ্টা সন্দ্বীপ চ্যানেলে আটকে ছিল ফেরি কপোতাক্ষ। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২০
চট্টগ্রাম-সন্দ্বীপ চ্যানেলে অসুস্থ রোগীসহ অ্যাম্বুল্যান্স ও প্রায় ২৫০ যাত্রী নিয়ে গভীর রাতে প্রায় নয় ঘণ্টা ডুবোচরে আটকে ছিল ‘ফেরি কপোতাক্ষ’। ভাটার কারণে সাগরে পানির স্তর কমে যাওয়ায় ফেরিটি আটকে পড়ে। পরে জোয়ার আসার পর ফেরি চলাচল শুরু হয়।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে সন্দ্বীপ থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার পর ডুবোচরে আটকে পড়ে ফেরিটি। ভাটার কারণে পানির স্তর কম থাকায় রাত প্রায় পৌনে তিনটা পর্যন্ত ফেরিটি সেখানে আটকে ছিল। পরে জোয়ারে পানির স্তর বাড়লে ফেরিটি পুনরায় যাত্রা শুরু করে। রাত সোয়া ৪টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাটে পৌঁছালেও অতিরিক্ত জোয়ারের কারণে বাস ও ব্যক্তিগত গাড়ি ফেরি থেকে নামাতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নয়ন শীল বলেন, ভাটার কারণে পানির স্তর কম থাকায় ফেরিটি ডুবোচরে আটকে যায়। অসুস্থ রোগীসহ অ্যাম্বুল্যান্স থাকায় ফেরির মাস্টার যাত্রা শুরু করেছিলেন। সন্দ্বীপের সংসদ সদস্য ফেরির যাত্রীদের জন্য রাতে খাবার ও পানির ব্যবস্থা করেছেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা যাত্রীদের সহায়তায় রাতভর কাজ করেছেন।
- বিষয় :
- ফেরি চলাচল বন্ধ
- ভোগান্তি
- চট্টগ্রাম