বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: স্থানীয় সরকারমন্ত্রী
ছবি: সমকাল
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪১
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। বাংলাদেশ ১৭ বছর যেভাবে ধ্বংস হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে আবার একটি নতুন সাজে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক হরমান দিনরাত কাজ করে যাচ্ছেন।
শুক্রবার নরিংদী শহরের সাহেপ্রতাব এলাকার তাঁত বোর্ড ইনিস্টিটিউটের অডিটরিয়ামে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুল মঈন খান বলেন, ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে। বিএনপি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এবং দেশকে ভালোবাসে বলে এই ষড়যন্ত্র করা হয়। বিএনপিকে অপসারণ করে অন্যের কুক্ষিগত একটি রাষ্ট্রের অধিনস্ত করার পরিকল্পনা হয়েছিল। এর ফলে দীর্ঘ ১৭ বছর আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, তারেক রহমান ১৭ বছর পরে দেশে ফিরে এসেছেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সামনে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।
মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো দিন পিছনের দিকে তাকাননি। বিএনপির ইতিহাস সামনে চলার, আওয়ামী লীগের ইতিহাস পিছনে চলার। আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন; সঞ্চালনা করেন এবং নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা, রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ।
- বিষয় :
- স্থানীয় সরকারমন্ত্রী
- বিএনপি
- রাজনীতি