নারায়ণগঞ্জে আধুনিক প্রবীণনিবাস
জীবনের শেষবেলায় স্বস্তির ঠিকানা
আছে সুইমিংপুল, ফিজিওথেরাপি সেন্টার, লাইব্রেরি, মুভি থিয়েটার, ইয়োগা সেন্টার
তবিবুর রহমান
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
পাঁচতলাবিশিষ্ট চারটি সাদা ভবন নিয়ে গড়ে উঠেছে একটি রিটায়ারমেন্ট হোম। ভবনগুলোর নামকরণ হয়েছে দেশের চারটি নদীর নামে– পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা। শীতলক্ষ্যা নদীর তীরে এই আবাসনে আসা বয়স গড়িয়ে যাওয়া মানুষের জীবনের মুহূর্তগুলো স্বস্তিদায়ক হয়ে ওঠে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা রোডে ১০ বিঘা জমিতে গড়ে উঠেছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল (জেবিএফআরএইচ)। প্রবীণদের জন্য আধুনিক আবাসন ও চিকিৎসাসেবা একসঙ্গে নিশ্চিতে ২০২৪ সালের ২০ ডিসেম্বরে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠান।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, এখানে আছে ২৩২টি আধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্ট। প্রতিটি ভবন থেকে করিডোর ও লিফট ধরে হুইলচেয়ার নিয়েও ছাদে যাওয়া যায়। ছাদজুড়ে আছে ফুল ও লতাগাছ ছাওয়া সবুজ বাগান। এখানকার বাসিন্দারা নিজ ঘরেই ২৪ ঘণ্টা চিকিৎসক, নার্স ও কেয়ারগিভারের সেবা পান। পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী প্রতিদিনের পাঁচবেলার খাবার পৌঁছে যায় তাদের কক্ষে।
সুস্থ থাকার নানান আয়োজন
সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাসহ প্রবীণদের শারীরিক ও মানসিক সুস্থতায় এখানে রয়েছে সুইমিংপুল, জ্যাকুজি, স্টিমবাথ, আধুনিক জিম, ফিজিওথেরাপি সেন্টার, স্বাস্থ্য পরীক্ষার ল্যাব, লাইব্রেরি, মুভি থিয়েটার, ইয়োগা ও স্পিরিচুয়াল ওয়েলনেস সেন্টার, নদীতে ভ্রমণ এবং আড্ডার আয়োজন। আরও রয়েছে ১৫০ শয্যার কেয়ার সেন্টার। জটিল রোগে আক্রান্ত প্রবীণদের জন্য রয়েছে ৮০ শয্যার পেলিয়েটিভ ও হসপিস কেয়ার ইউনিট।
জাপান থেকে অনুপ্রেরণা
জেবিএফআরএইচ প্রতিষ্ঠা করেছেন অধ্যাপক সরদার এ নাঈম। তিনি এখন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ১৯৯১ সালে দেশে প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি চালু করেছিলেন অধ্যাপক নাঈম। পরে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গিয়ে সেখানকার প্রবীণদের জন্য উন্নত সেবাব্যবস্থা দেখে অনুপ্রাণিত হন। সেই অভিজ্ঞতা ও জাপানি বিশেষজ্ঞদের সহযোগিতায় গড়ে তোলেন এই প্রতিষ্ঠান।
অধ্যাপক নাঈম বলেন, ‘এখানে আমি আমার মা ও শ্বশুরকেও রেখেছি।’ উচ্চবিত্ত মানুষের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে এই প্রতিষ্ঠান সাজানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের আরও অনেক উদ্যোগ দেশে গড়ে উঠুক। এমনকি সরকারিভাবেও এমন উদ্যোগ নেওয়া উচিত।’
প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক ড. আশিক-উর-রহমান বলেন, ‘আমরা প্রবীণদের পরিচর্যায় দেশে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতেও কাজ করছি। এতে দেশে কর্মসংস্থানের পাশাপাশি বিদেশেও চাহিদা অনুযায়ী দক্ষ লোক পাঠানো সম্ভব হবে।’
এখানে পরিচর্যা বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন জাপানের কেয়ারগিভার স্পেশালিস্ট কাজি সোগিমোতো, জাইকা প্রতিনিধি সাইকা দোই ও ইউশিকো নিশিয়ামা। তারা জানান, ‘প্রবীণ জনগোষ্ঠীর সেবা নিশ্চিতে বিশ্বে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে জাপান। সেই কৌশল প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশে দক্ষ জনবল তৈরিতে কাজ করছি।’ তারা বলেন, ‘বর্তমানে আমরা ৩৬১টি সেন্টারে প্রশিক্ষণ দিচ্ছি। জাপানে এখন প্রায় ৭০ লাখ লোক হাসপাতালে চিকিৎসাধীন। এমন এক পরিস্থিতি বাংলাদেশের সামনেও অপেক্ষা করছে, তাই এখনই প্রস্তুত হতে হবে।’
এই প্রতিষ্ঠানের প্রথম নিয়মিত বাসিন্দা বাংলা একাডেমির সাবেক সভাপতি ও বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম। ডিমেনশিয়ায় আক্রান্ত এই গুণী মানুষটি এখানে বিশেষ পরিচর্যায় রয়েছেন। এ ছাড়া বর্তমানে ৩৯ জন প্রবীণ এখানে নিয়মিত বসবাস করছেন। এদের মধ্যে ৭ জনকে হাসপাতালের শয্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কত খরচ
স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া, পাঁচ বেলার খাবার, চিকিৎসা, নার্সিংসেবা এবং অন্যান্য ব্যয় মিলে এখানে মাসিক খরচ প্রায় ৯৪ হাজার টাকা। ১ কোটি ২০ লাখ টাকায় স্থায়ীভাবে একটি অ্যাপার্টমেন্ট কেনার সুযোগও রয়েছে। ২৩২টির মধ্যে ইতোমধ্যে ১০০টি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়ে গেছে।
- বিষয় :
- জীবন