ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

খাদ্যপণ্যের মান পরীক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল চট্টগ্রাম বিএসটিআই 

খাদ্যপণ্যের মান পরীক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল চট্টগ্রাম বিএসটিআই 
×

সংগৃহীত ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:১৩

বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের বাইরে প্রথমবারের মতো কোনো ল্যাবরেটরি হিসেবে অ্যাক্রেডিটেশন সনদ অর্জন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরি। এর মধ্য দিয়ে পণ্যমান, খাদ্যনিরাপত্তা ও গুণগত মান নিশ্চিতকরণে আরও এক ধাপ এগিয়েছে বিশেষায়িত এই ল্যাবটি। আজ রোববার শিল্প মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকের কাছে এ অ্যাক্রেডিটেশন সনদ হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন— বিএসটিআই ঢাকার পরিচালক (রসায়ন) খলিলুর রহমান, বিএসটিআই চট্টগ্রামের উপপরিচালক (মেট) ও অফিস প্রধান মো. মোমেন উস সাজ্জাদ, উপপরিচালক (রসায়ন) ও কোয়ালিটি ম্যানেজার ইব্রাহিম খলিল এবং সহকারী পরিচালক (রসায়ন) ও ডেপুটি কোয়ালিটি ম্যানেজার ড. খোরশেদ আলম। বিএসটিআই বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরি আমদানিকৃত ও দেশীয় খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করতে ভোজ্যতেলের ভিটামিন-এ, রিফ্র্যাকটিভ ইনডেক্স এবং জুস ও সসজাতীয় পণ্যের ব্রিক্স প্যারামিটারে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে।

বিএসটিআই চট্টগ্রামের উপপরিচালক (অফিস প্রধান) মো. মোমেন উস সাজ্জাদ বলেন, বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের বাইরে দ্বিতীয় কোনো ল্যাবরেটরি হিসেবে অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে বিশেষায়িত এই ল্যাবটি। এটি আমাদের জন্য অনেক বড় অর্জনের ও প্রাপ্তির। এর ফলে নতুন পণ্য ও প্যারামিটারকে পরীক্ষণ কার্যক্রমের আওতায় আনার মাধ্যমে খাদ্য ও অন্যান্য পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে বিএসটিআই চট্টগ্রাম আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। খাদ্যপণ্যের নিরাপত্তা, গুণগত মান এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে এমন অর্জন অনন্য ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিএসটিআই চট্টগ্রামের রসায়ন ল্যাবরেটরিতে বর্তমানে অত্যাধুনিক এএএস, এইচপিএলসি, জিসি-এমএসএমএস, আইসিপি-এমএস ও এলসি-এমএসসহ আধুনিক যন্ত্রপাতি যুক্ত হয়েছে। এ ছাড়া পেট্রোলিয়াম পণ্য পরীক্ষণের জন্য ভিসকোমিটার, ফ্ল্যাশ পয়েন্ট টেস্টার, পোর পয়েন্ট টেস্টার, ডেনসিটিমিটারসহ উন্নতমানের সরঞ্জামও রাখা হয়েছে ল্যাবে।

আরও পড়ুন

×