দুই শিশুর পেট থেকে বের হলো ৬,৬১৫টি ইয়াবা, নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০০:০০
শিশুদের পেটে ইয়াবা ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে শারমিন আকতার ওরফে ইসমত আরা নামের এক নারীকে আটক করে র্যাব। এ সময় তার সঙ্গে থাকা ৯ ও ১২ বছরের দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়। পরে শিশু দুটির পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাওয়া যায়।
সোমবার র্যাব-৭-এর চট্টগ্রাম নগরের চান্দগাঁও ক্যাম্প মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র্যাব-৭ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. তাওহিদুল ইসলাম।
কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. তাওহিদুল ইসলাম বলেন, শিশুদের পেটে করে নতুন কৌশলে ইয়াবা পাচারের খবর পেয়ে গত শনিবার অভিযান চালানো হয়। সে সময় আনোয়ারার তৈলার দ্বীপ সেতুসংলগ্ন গরুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব। এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে যাত্রী আসনে থাকা শারমিন আকতারকে আটক করা হয়। সঙ্গে থাকা দুই শিশুকে হেফাজতে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, শিশু দুটির পেটের ভেতর ইয়াবা রয়েছে। পরে গত রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এক্স-রে পরীক্ষায় শিশু দুটির পেটে ইয়াবাসদৃশ বস্তু শনাক্ত হয়।
তিনি বলেন, চিকিৎসার একপর্যায়ে ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মলত্যাগের মাধ্যমে ৯ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৭টি এবং ১২ বছর বয়সী শিশুটির পেট থেকে ৬৬টি প্যাকেট বের করা হয়। এসব প্যাকেটে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা ছিল।
র্যাবের জিজ্ঞাসাবাদে শারমিন দাবি করেন, কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা কিনে শিশু দুটিকে কৌশলে খাইয়ে চট্টগ্রামে নিয়ে আসছিলেন। এর আগেও একই কৌশলে শিশু দুটির পেটে করে আরও দুবার চট্টগ্রামে ইয়াবার চালান পৌঁছে দিয়েছেন।
এদিকে শারমিন আকতারকে নগরীর আনোয়ারা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালতে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।