‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
বুধবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। ছবি: সংগৃহীত
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১৩ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির গত ছয় মাসের কার্যক্রম নিয়ে আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট না। আমরা মনে করি, তারা আস্তে আস্তে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। তারা ক্ষমতার অপব্যবহার করছে। আমরা দেখছি তারা প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে, স্বজনপ্রীতি করছে, সরকারি নিয়োগে ভাইভা নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে, যেন কেউ প্রিলি-রিটেন টিকলেই ‘বিএনপি কোটায়’ চাকরি দেওয়া যায়।
বুধবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী। দলটির এ দেশে পতন হয়েছে এবং ভারতে গিয়ে দাফন হয়েছে। এ চ্যাপ্টার শেষ। কিন্তু বিএনপিকে নিয়ে আলোচনা ও সমালোচনা থাকবে। বিএনপি চাঁদাবাজি, জমিদখল, থানা দখল ও মানুষের ওপর জুলুম করলে ওইটাও আমরা বলবো। কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করবো না।
তিনি আরও বলেন, প্রশাসনে দেখবেন ডিসি, এসপি, ওসি, ইউএনও বিএনপির দলীয় কার্যালয় থেকে চালাতে চায় তাদের মতো করে। এটা থেকে যদি বের না হয় বাংলাদেশের যে সংস্কার আমরা চাই সেটা হওয়া সম্ভব না। প্রত্যাশা করি বিএনপি তার পুরোনো চরিত্র, অভ্যস্ততা এবং মনস্তত্ত্ব থেকে বের হয়ে আসবে। অন্যথায় ধীরে ধীরে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এগুলো যদি করতে থাকে এবং গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে তাহলে আগামী ৫ বছর এ দলটির ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।
এর আগে সকালে বরিশাল থেকে ভোলায় আসেন সারজিস আলম। পরে স্থানীয় এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা ও কর্মশালা অনুষ্ঠানে অংশ নেন। এতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, কাজী সালমান, রায়হানুল ইসলাম, মুজাহিদুল ইসলাম শাহীন, মাকসুদুর রহমানসহ বরিশাল বিভাগীয়, ভোলা জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান।
একই সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, দুষ্টু লোকেরা বলে এ সরকার হয়ে গেছে খাই খাই সরকার। যদি তারা রাস্তার মধ্যে গোবর দেখে সেখান থেকে যদি দুইটা পয়সা আসে তারা ওই গোবরও আত্মসাৎ করবে- এমন জায়গায় চলে গেছে। মানুষ দ্রুত ক্ষুব্ধ হচ্ছে। মানুষকে এটা বোঝাতে হবে এনসিপি হচ্ছে আপনাদের বিকল্প।
মন্ত্রী এমপিদের ছেলেদের প্রসঙ্গ তুলে বলেন, বাংলাদেশ থেকে টাকা বানাচ্ছে। বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। আগামী নির্বাচনে মানুষ ভোট দেবে খাই খাইর বিরুদ্ধে। পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি রাজপথে আছে বলে তারা (আওয়ামী লীগ) বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করতে পারছে না।
- বিষয় :
- জাতীয় নাগরিক পার্টি
- এনসিপি
- সারজিস আলম
- বিএনপি