পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় হাত-পা হারানো সেই শিশুটিও মারা গেল
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪৬
চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় আহত শিশু রাহাত (১০) মারা গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেকের বাসার মো. ফারুকের ছেলে।
এদিন দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আব্দুর রহমান নামের আরো একজন আহত হয়েছেন।
শিশুটির বাবা মো. ফারুক বলেন, জুমার নামাজ শেষে ২০ টাকা নিয়ে চটপটি খেতে গিয়েছিল ছেলে। আচমকা পর্যটক এক্সপ্রেস ট্রেন এসে আমার ছেলের জীবন শেষ করে দিল।
নিহত দেলওয়ার হোসেন মিন্টু পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। তিনি পূর্বনাসিরাবাদ তুলাতলী এলকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ফেনী বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় রাহাতের ডান হাত ও ডান পা কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, অসাবধানবশত রেললাইন ধরে খেলছিল আর হাঁটছিল রাহাত। এ সময় আসছিল কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস। বিষয়টি দেখতে পেয়ে রাহাতকে বাঁচাতে দ্রুত ছুটে যান দেলোয়ার হোসেন মিন্টু। কোনোভাবে শিশুটিকে প্রাণে বাঁচাতে পারলেও ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। এই ঘটনায় আহত হন আবদুর রহমান নামে এক যুবকও।
খবর পেয়ে এলাকার লোকজন রাহাতের পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় আহত শিশুটিও মারা গেছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- ট্রেনের ধাক্কায় নিহত