ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মোংলায় গোডাউনে অবৈধ ভোজ্যতেল জব্দ

মোংলায় গোডাউনে অবৈধ ভোজ্যতেল জব্দ
×

ছবি: সমকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৪

মোংলায় এক মুদি ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে মজুদ করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার দুপুরে পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোরের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মেসার্স শোভা স্টোরের মালিক সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে ৭৮টি ব্যারেলে মজুদ রাখা মোট ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল পাওয়া যায়। তেলগুলো চোরাচালানের মাধ্যমে এনে অবৈধভাবে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযানে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী উপস্থিত ছিলেন। কোস্ট গার্ডের সঙ্গে অভিযানে পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারাও অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের অভিযানে সবুর তালুকদারের গোডাউন থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৭৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। জব্দ করা তেল পুলিশকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিশোধিত সয়াবিন তেলের সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়ে তা বাজারজাত করা হয়ে আসছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ী সবুর তালুকদার।

এর আগে র‌্যাবের অভিযানেও সবুর তালুকদারের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ভোজ্যতেল জব্দ করে জরিমানা করা হয়েছিল।

আরও পড়ুন

×